১৮ ঊর্ধ্ব নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, পুলিশ হবে ‘জনসেবক বাহিনী': ভাষণে নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নির্বাচনে জয়ী হলে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে দেশে একটি গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি। পাশাপাশি পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে ‘জনসেবক বাহিনী’ বা অনুরূপ কোনো নাম রাখা হবে বলেও ঘোষণা দেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

ভাষণে তিনি বলেন, 'পুলিশ বাহিনীর বর্তমান কেন্দ্রীয় কাঠামো ভেঙে স্থানীয় পর্যায়ে পুনর্গঠন করা হবে। উপজেলা পর্যায় থেকে নিয়োগ ও পদায়ন দেওয়া হবে এবং নারী-পুরুষ সমানসংখ্যক সদস্য নিয়োগ নিশ্চিত করা হবে।'

নাহিদ ইসলাম বিগত ৫৫ বছরে গড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে ‘বৈষম্যের কাঠামো’ হিসেবে আখ্যা দেন। এই কাঠামোর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে তিনি ঐতিহাসিক গণবিদ্রোহ বলে উল্লেখ করেন। বৈষম্য দূর করতে এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ভাষণে তিনি অভিযোগ করে বলেন, 'আওয়ামী লীগ সরকার পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে দমন-পীড়ন চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু অপরাধী পালিয়ে গেছে, কেউ কেউ বিচারের মুখোমুখি হলেও এখনও অনেক খুনি, লুটেরা ও দুর্নীতিবাজ আত্মগোপনে রয়েছে। এনসিপি সরকার গঠন করলে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হবে।'

তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এনসিপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে এবং লুটপাটকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে ‘পাবলিক ট্রাস্ট’-এর আওতায় নেওয়া হবে।'

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'বিগত সরকার বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলেছিল। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনাগুলোর নিন্দা না করে তৎকালীন সরকার আত্মমর্যাদাহীন কূটনীতি অনুসরণ করেছে। এনসিপি ক্ষমতায় এলে আত্মমর্যাদাপূর্ণ, স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। সার্ক পুনর্জীবন, আসিয়ানে যোগদানের উদ্যোগ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে।'

প্রতিরক্ষা খাত নিয়ে নাহিদ ইসলাম বলেন, 'সশস্ত্র বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের কারণে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে। প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমানে এগিয়ে গেলেও বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে।'

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেট, চাঁদাবাজ ও অসাধু ব্যবসায়ী চক্রকে দায়ী করে তিনি বলেন, 'এনসিপি সরকার গঠন করলে কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কৃষক যেন মধ্যস্বত্বভোগী ছাড়াই পণ্য বিক্রি করতে পারে এবং ভোক্তা ন্যায্যমূল্যে পণ্য পায়—সে ব্যবস্থাও গড়ে তোলা হবে।'

বিচার বিভাগ সংস্কারের অঙ্গীকার করে নাহিদ ইসলাম বলেন, 'বিচারক সংখ্যা বাড়ানো, ডিজিটাল ব্যবস্থাপনা চালু এবং দুর্নীতিমুক্ত বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি শাসন ব্যবস্থার অতিরিক্ত কেন্দ্রীয়করণ কমিয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।'

ভেজাল খাদ্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করে জেলা ও উপজেলায় খাদ্য পরীক্ষার ল্যাব স্থাপনের প্রতিশ্রুতি দেন এনসিপির এই নেতা। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা, পোশাকের স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথাও বলেন তিনি।

নারীর অধিকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'শিক্ষা, কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যখাতে ব্যবস্থাপনার সংস্কার করে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হবে।'

শিক্ষাখাতে অবকাঠামোর চেয়ে মানসম্মত শিক্ষায় গুরুত্ব দিয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। কৃষকদের ন্যায্যমূল্য, সহজ কৃষিঋণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রবাসে যাওয়ার খরচ কমাতে সিন্ডিকেট ভাঙার অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি তার ভাষণ শেষ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান