চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ বাজেট ঘোষণা করেন।
এর আগে গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ১৪তম সভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
নতুন অর্থবছরের বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ মোট আয় ধরা হয়েছে ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৭৩০ কোটি ৯৩ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ৮১৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ৪৫৭ কোটি ৯৩ লাখ টাকা।
অন্যদিকে, বাজেটে মোট ব্যয়ের পরিমাণও নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন ও মূলধন ব্যয়ে ১ হাজার ৫৫৯ কোটি ৬৮ লাখ টাকা, উন্নয়ন ব্যয়ে ১ হাজার ৯০৪ কোটি ৪২ লাখ টাকা এবং সমাপনী স্থিতি হিসেবে রাখা হয়েছে ৫৪০ কোটি ৫০ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, বড় অঙ্কের উচ্চাভিলাষী বাজেট নয়, বরং বাস্তবায়নযোগ্য ও যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে। নগরবাসীর ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে নিজস্ব আয় বাড়ানোর জন্য নতুন রাজস্ব খাত সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ কমানো, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটের প্রতিটি টাকা স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে নগরবাসীর কল্যাণে ব্যয় করা হবে।