ঢাকার সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে মোট ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সোমবার (২ নভেম্বর) সাভারের দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-উত্তরের পৃথক দল।
এর মধ্যে বিকেল আড়াইটার দিকে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম রবিন (৪০) ও মো. আমানুল্লাহ আমান ওরফে আনিছকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন রাত ১০টা ১০ মিনিটের দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. আবু বক্কর সিদ্দীক (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
ডিবি পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া রবিনের বিরুদ্ধে আগে দুটি এবং আমানুল্লাহ আমানের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। পরে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস