আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিজীবনে বৈষম্য ও অবিচারের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া এবং বরখাস্ত হওয়া ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুবিধাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন।

এতে বলা হয়েছে, অধিকাংশ কর্মকর্তার বাধ্যতামূলক বা অকালীন অবসর বাতিল করে বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি বহাল ধরে তাঁদের স্বাভাবিক অবসর দেখানো হয়েছে। একই সঙ্গে অনেক কর্মকর্তাকে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পদে চাকরির মেয়াদ অনুযায়ী তাঁরা বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।

কয়েকজন কর্মকর্তার জন্য বিশেষ আর্থিক ও প্রশাসনিক সুবিধাও অনুমোদন করা হয়েছে। প্রজ্ঞাপনে কারও জন্য এককালীন ৫০ লাখ টাকা এবং কারও জন্য সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত বিশেষ আর্থিক প্রণোদনার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি বয়স ও যোগ্যতা সাপেক্ষে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগও রাখা হয়েছে।

চলতি বছরের ৩ মে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ এবং তিন বাহিনীর সদর দপ্তরের মতামত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার পূর্ববর্তী ও সংশোধিত অবসরের ধরন, অবসরের তারিখ, পদোন্নতি এবং প্রাপ্য সুবিধার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

সুবিধাপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমী। তাঁকে ২০০৯ সালের ১২ মার্চ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর অবসর সংশোধন করে ২০১৩ সালের ২৫ আগস্ট স্বাভাবিক অবসর হিসেবে গণ্য করা হয়েছে। ফলে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মেজর জেনারেল পদমর্যাদার বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।

তালিকায় থাকা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর ভূতাপেক্ষ মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর অবসরের আগে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল—উভয় পদে বকেয়া বেতন-ভাতা, বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা, এক কোটি টাকা বিশেষ আর্থিক প্রণোদনা এবং বয়স ও যোগ্যতা সাপেক্ষে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগ পাবেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুজ্জামান ভূঁইয়াকে ২০১৬ সালের জানুয়ারিতে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে তাঁকে ভূতাপেক্ষ মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ফলে ওই সময়ের মেজর জেনারেল পদমর্যাদার বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।

নৌবাহিনীর সুবিধাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান। তাঁকে ২০১০ সালের মার্চে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্তে তাঁর চাকরির মেয়াদ বাড়িয়ে ২০১৫ সালে স্বাভাবিক অবসর দেখানো হয়েছে। এর ফলে অতিরিক্ত পাঁচ বছরের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

বিমানবাহিনীর তালিকায় থাকা এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ দেলোয়ার হোসেনকে ২০০৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর চাকরির মেয়াদ ছয় বছর বাড়িয়ে ২০১৫ সাল পর্যন্ত গণ্য করা হয়েছে। ফলে ওই সময়ের বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন তিনি।

জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একই সঙ্গে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে তিন বাহিনীতে বৈষম্য ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাহিনীগুলোর সদর দপ্তর পৃথক পর্ষদ গঠন করে। পরে ৩ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটির সুপারিশে বলা হয়, বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের মর্যাদা ও প্রাপ্য অধিকার পুনর্বহাল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!