বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সমবেদনা জানান।
ইসহাক দার লিখেছেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় তিনি মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের জন্য প্রার্থনা করেছেন।
তিনি উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনী, চিকিৎসা দল ও ত্রাণকর্মীদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, তারা ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সফলতা এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা কামনা করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলা বন্যাকবলিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
এ ঘটনায় শনিবার পর্যন্ত বন্যা ও পাহাড়ধসে ৪৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।