বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে বাংলাদেশের ভেন্যু সমস্যার সমাধানে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
আইসিসির সঙ্গে বৈঠকের পরও ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ পুনরায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরা হয়। বিশেষ করে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া আলোচনায় আসে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’ তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সব মিলিয়ে বাংলাদেশের ভেন্যু সংকট ঘিরে বিশ্বকাপের সমীকরণ আরও জটিল হয়ে উঠছে, যেখানে পাকিস্তানের অবস্থান পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।