জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ বছর মোট ১,৮৪৪টি আসনের বিপরীতে ২,১৯,৩৯৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।
প্রতিটি আসনের জন্য গড়ে ১১৯ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০,২২০ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ২২৭ জন।
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটিভুক্ত ‘এ’ ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে ৬০,৩৫১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনে লড়াই করবেন ১৪২ জন।
কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে ৪৭,৪৯৭টি আবেদন জমা পড়েছে। এখানে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ১০১ জন।
অন্যদিকে তুলনামূলকভাবে কম প্রতিযোগিতা হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে। এই ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০,৫৮৩ জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনে প্রতিযোগী ৬৩ জন।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১১,৬১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন, অর্থাৎ প্রতি আসনে ৫৮ জন।
এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৩,৭২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন (প্রতি আসনে ৫৮ জন)।
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫,৪১১ জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনে প্রতিযোগী ১০৮ জন।