ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে’।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তিনি বলেন, তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে শহীদ জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশ পরিচালনা করেছেন।
ভাষণের এক পর্যায়ে তারেক রহমান পুনরায় দৃঢ়তার সঙ্গে বলেন, জুলাই সনদ বিএনপি অবশ্যই বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ একটি নতুন ইতিহাসের সূচনা হচ্ছে এবং আজকের দিনে সামনে এসেছে নতুন নেতৃত্ব। তার মতে, সেই নেতা হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমগ্র জাতি নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে এবং জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসবেন। তাঁর নেতৃত্বেই একটি নতুন সূর্যোদয় ঘটবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।