হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার অসুস্থতার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। মোদি লিখেন, বহু বছর ধরে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। পাশাপাশি যেকোনোভাবে সহায়তার প্রয়োজন হলে ভারত প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত রোববার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বুধবার তাঁর অবস্থা সংকটাপন্ন ঘোষণা করা হয়। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি গভীর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, যা ‘ভেন্টিলেশন’ পর্যায়ের মতো।
দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।