স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই। পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করছে না।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নে পুলিশের মধ্যে ‘মব ভীতি’ কাজ করছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে পাশে ডেকে দেখিয়ে বলেন, ‘এই যে তাকাইয়া দেখো, ভীত মনে হচ্ছে?’ তিনি যোগ করেন, ‘মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই।’
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রস্তুতি অত্যন্ত ভালো। প্রায় সব ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেখানে বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।
অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার করা হচ্ছে। নির্বাচন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ।
নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি জানান, সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন—সেনাবাহিনীর এক লাখ সদস্য, নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের এক লাখ ৫০ হাজার, র্যাবের নয় হাজার এবং আনসারের পাঁচ লক্ষাধিক সদস্য।
এর আগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমানসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও এবং থানার ওসিরা।