রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় বাস ডাম্পিংকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় টার্মিনালসংলগ্ন সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বাস ডাম্পিংয়ের উদ্যোগ নেয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
শ্রমিকদের অবস্থানের কারণে টার্মিনালের আশপাশের সড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছেন। যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
এদিকে, মহাখালী এলাকায় চলমান পরিস্থিতির কারণে নগরবাসীকে ওই সড়ক এড়িয়ে চলার পাশাপাশি সম্ভব হলে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস