রাজধানীর মোহাম্মদপুর থেকে ভোলা সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মুঠোফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আহাদ হোসেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিল পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এআর