দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমাতে বড় পরিসরে নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে সারাদেশে সাড়ে ৭ হাজার চিকিৎসক ও সমসংখ্যক নার্স নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। এ সংকট মোকাবিলায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই সাড়ে ৭ হাজার চিকিৎসক এবং সাড়ে ৭ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে টিকা না নেওয়া শিশুদের মধ্যেই হামে আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। শিশুদের হাম থেকে সুরক্ষায় চলতি মাসে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে।
সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের হাসপাতালগুলোর সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে বলেও দাবি করেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন চিকিৎসক ও নার্স নিয়োগের মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে জনবল সংকট অনেকটাই কমবে এবং স্বাস্থ্যসেবায় এর ইতিবাচক প্রভাব পড়বে।
সদ্য সংবাদ/এসকে