পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘেরে পানি সেচ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নুর ইসলাম সদরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হযরত আলী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের অন্যদের অজান্তে নিজের সবজিখেতে থাকা মাছের ঘেরে পানি সেচ দিতে যান নুর ইসলাম। এ সময় সেচের কাজে ব্যবহৃত মোটর চালাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি ঘেরের পানিতে পড়ে যান।
রাত বাড়লেও নুর ইসলাম বাড়িতে না ফেরায় তাঁকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর চালু অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা সেখানে গিয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পানির নিচে তাঁর শরীরের স্পর্শ পেয়ে ভীত হয়ে তাঁরা ওপরে উঠে আসেন।
পরে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় অনুমতি নিয়ে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান ঘেরের গভীর অংশ থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস