জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আমান উল্লাহ আমান উদয়কে সাংগঠনিক পদ থেকে সরিয়ে দিয়েছে উপজেলা ছাত্রদল। ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনটির সব পর্যায়ের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক বায়োজিদ আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণ উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) একটি দল। এ সময় আমান উদয়কে আরও চারজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরদিন রোববার (২৫ অক্টোবর) গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদ্য সংবাদ/এসএস