শেরপুরে অপহরণের পর ধর্ষণের মামলার প্রধান আসামি এবং চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর জামালপুর ক্যাম্পের সিপিসি-১।
গত রোববার (২৫ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শরীফ হাসান (২৭) এবং চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম (৪৫)। শরীফ শেরপুর জেলার বাসিন্দা। রফিকুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাওরাপাড়া কাপাসিয়া এলাকার বাসিন্দা।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেল আনুমানিক চারটার দিকে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ওঠে শরীফ হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে শরীফ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
পরবর্তী সময়ে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪-এর জামালপুর ক্যাম্পের একটি দল তাঁর অবস্থান শনাক্ত করে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারে একই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাজার রোড এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-১৪-এর আরেকটি দল এসআরবি-১-এর ঢাকা উত্তরার সিপিসি-১-এর সহায়তায় রাত ৯টা ৫০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলাম ভালুকা থানায় দায়ের করা একটি চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।
সদ্য সংবাদ/ এআর