যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারা রয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অন্যদের বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যশোর সদরে ১৭ জন, চৌগাছায় ২ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গতকাল রোববার ভোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে যশোরে নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের করা হয়। মিছিলে অসংখ্য নারী-পুরুষের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন বলে সূত্রটি জানিয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, শহরের লালদিঘি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করে। নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ মিছিলটির নেতৃত্ব দেন বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার শেখ শহিদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদ্য সংবাদ/ এরআর