শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
নোটিশ পাওয়া নেতা মো. গোলাপ হোসেন ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গত ৯ নভেম্বর ধানশাইল ইউনিয়ন বিএনপির প্যাডে দেওয়া ওই নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আটক করে ঝিনাইগাতী থানা-পুলিশ। নোটিশে তাঁকে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
দলীয় নেতাদের অভিযোগ, গোলাপ হোসেন নিজের সাংগঠনিক পদ-পদবির প্রভাব ব্যবহার করে জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান নোটিশে স্বাক্ষর করেছেন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গোলাপ হোসেন। তাঁর দাবি, অভিযোগটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির করেননি। নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই দলের কাছে জমা দেবেন বলে জানান তিনি।
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ জানান, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে থানায় আনা হয়েছিল। তবে পরোয়ানায় থাকা নাম ও ঠিকানার সঙ্গে তাঁর পরিচয়ের অমিল পাওয়া যায়। পরে যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। থানায় প্রভাব খাটিয়ে কাউকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস