বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের জহুরুলনগর এলাকার সন্ধ্যামালতী নামের একটি মেস থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. হৃদয় মিয়া। তিনি জয়পুরহাটের কালাই থানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী।
ছাত্রদল সূত্রে জানা যায়, একসময় বগুড়ায় অবস্থান করলেও বর্তমানে হৃদয় মিয়া জয়পুরহাটে থাকতেন। সোমবার রাতে জহুরুলনগরের ওই মেসে অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে তাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্যসচিব রাফিউল আল আমিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের পক্ষ থেকে ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নাশকতার মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস