মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে নিরাপত্তার কথা বিবেচনায় অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে জামগড়া থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত বিভিন্ন এলাকায়। সকালে কাজে যোগ দিতে গিয়ে নিশ্চিন্তপুরের নিউ এইজ পোশাক কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ নিয়ে ক্ষোভ থেকে তারা বিক্ষোভ শুরু করেন।
এরপর আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। একপর্যায়ে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় এনভয় ও স্টারলিং স্টাইলস কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সংঘর্ষে স্টারলিং স্টাইলস লিমিটেডের শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম আহত হন। এ ছাড়া আরও কয়েকজন শ্রমিক এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টুর অভিযোগ, শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
তবে পুলিশের বক্তব্য ভিন্ন। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় এনভয় ও স্টারলিং কারখানায় ভাঙচুরের চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ব্যবহার করা হলেও রাবার বুলেট ছোড়া হয়নি বলে দাবি করেন তিনি। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে, শিল্পাঞ্চলে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণায় আশুলিয়ার পোশাক উৎপাদন কার্যক্রমেও প্রভাব পড়েছে।
সদ্য সংবাদ/এসএস