কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী মনসুর আলী হত্যার ঘটনায় জড়িত শাহনেওয়াজ সানির সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দ্রুত শেষ করা, দ্রুত বিচার আইনে মামলার বিচার এবং অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, দায়িত্ব পালনরত অবস্থায় একজন পৌর কর্মচারী হত্যার শিকার হওয়ায় তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।
পৌরসভা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর কলেজ মোড় এলাকার পৌর টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের বিরতির সময় দায়িত্ব পালনকালে হত্যাকাণ্ডের শিকার হন মনসুর আলী। তিনি পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্বে ছিলেন।
এ ঘটনায় পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, নিহতের পরিবারের সদস্যদের সুরক্ষা দেওয়া এবং আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. আখতমজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিন।
বক্তারা মনসুর আলী হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। তাঁরা দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সদ্য সংবাদ/এজে