কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা হরতালের বিরুদ্ধে মাদারীপুরে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিনভর মোটরসাইকেল মহড়া, বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানের নেতৃত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে সাধুরব্রিজ এলাকা থেকে শুরু হয়ে মাদারীপুর পৌর শহর পর্যন্ত কয়েক দফায় মোটরসাইকেল শোডাউন দেন নেতাকর্মীরা। পরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় হরতালবিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস মাতুব্বর, কেন্দুয়া ইউনিয়ন বিএনপি নেতা বোরহান শিকদার, আবুল বাসার মিয়া, বেলায়েত হোসেন, সামছুল হক মোল্লা, তুষার মোল্লা, কবির মাতুব্বর, রাসেল, মিন্টু, লালচান ও মো. অহিদুল বেপারীসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, হরতালের নামে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই তারা মাঠে রয়েছেন। মানুষের জানমালের নিরাপত্তা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবিও জানান তারা।
দিনভর কর্মসূচির মধ্য দিয়ে হরতালের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন মাদারীপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সদ্য সংবাদ/এসএস