কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলামের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগের এক নেতার বাড়িতে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার জাতীয় শ্রমিক লীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে যান এসআই জাহেদুল ইসলাম। এ সময় তিনি সিভিল পোশাকে কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে যান বলে দাবি স্থানীয়দের।
অভিযোগে বলা হয়, থানার দায়িত্ব পালনের ফাঁকে ব্যক্তিগত আমন্ত্রণে ওই বাড়িতে যান তিনি। তবে এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কি না কিংবা ওই সময় তাঁর সরকারি দায়িত্ব কী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনকালে ব্যক্তিগত দাওয়াতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগের এক নেতার বাড়িতে স্ত্রীকে নিয়ে একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার যাতায়াত পুলিশের নিরপেক্ষতা ও পেশাগত আচরণ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে আশরাফুল নামের এক ব্যক্তি ভূরুঙ্গামারী থানায় চাঁদাবাজির অভিযোগে লিখিত আবেদন করেন বলে জানা গেছে। অভিযোগ নম্বর ১৬০৮/২৯/০৮/২০২৬। ওই অভিযোগের তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই জাহেদুল ইসলাম। অভিযোগকারীর দাবি, চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের পরও মামলা না নিয়ে তাঁকে দিনের পর দিন ঘোরানো হয়। পরে থানায় মামলা না করে উল্টো বিষয়টি মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি তদন্ত করে ওই সময়ের ডিউটি রোস্টার, দায়িত্ব পালনের বিবরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতির বিষয়টি যাচাই করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে এসআই জাহেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জাতীয় শ্রমিক লীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এবং কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর বক্তব্য জানতে চাওয়া হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
সদ্য সংবাদ/ এআর