কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের খোঁজে চট্টগ্রামের আন্দরকিল্লায় তাঁর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য তাঁর বাসায় প্রবেশ করেন।
নাছিরের বাসায় থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য বাসায় প্রবেশ করেন। তাঁরা তাঁর স্যার (আ জ ম নাছির উদ্দিন) কোথায় আছেন, তা জানতে চান। বাসায় তল্লাশিও চালান। পরে তাঁরা চলে যান।
অভিযানের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, অভিযান হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন, যিনি আ জ ম নাছির উদ্দীন নামে পরিচিত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ। তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পঞ্চম মেয়র ছিলেন।
এ ছাড়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সদ্য সংবাদ/ এআর