চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯ হাজার ৪২৫ জন কৃষক এ সহায়তা পাবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ সম্প্রসারণের উদ্দেশ্যে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। উপকারভোগীদের মধ্যে সরিষা চাষের জন্য ৯ হাজার ৩০০ জন, মসুর চাষের জন্য ৭৫ জন এবং খেসারি চাষের জন্য ৫০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে।
কৃষি সহায়তার পরিমাণও নির্ধারণ করা হয়েছে ফসলভেদে। সরিষা চাষে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। মসুর চাষিদের দেওয়া হবে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। আর খেসারি চাষের জন্য প্রত্যেক কৃষক পাবেন ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে এসব উপকরণ বিতরণ করা হবে। নির্ধারিত তালিকা অনুযায়ী, গোমস্তাপুর ইউনিয়নে ১ হাজার ৩৫ জন, বাঙ্গাবাড়ীতে ১ হাজার ৩৫ জন, রাধানগরে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, চৌডালায় ৮৩৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন, আলীনগরে ৮৬০ জন এবং রহনপুর পৌরসভায় ৯১০ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ও মিঠুন দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের আশা, বিনামূল্যে বীজ ও সার সরবরাহের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ বাড়বে। এর মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।
সদ্য সংবাদ/এজে