গোপালগঞ্জের সাংবাদিকদের আওয়ামী লীগ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দিয়েছেন সাংবাদিক নেতা এস এম সাব্বির। জেলার সংবাদ পরিবেশন ও সরাসরি সম্প্রচারের সময় দলটিকে ‘নিষিদ্ধ সংগঠন’ হিসেবে উল্লেখ বা প্রচারের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন এস এম সাব্বির।
পোস্টে তিনি দাবি করেন, কারা জামায়াত ও বিএনপিপন্থী এবং কারা সোর্স হিসেবে কাজ করে শত শত নিরপরাধ মানুষকে গ্রেপ্তারে ভূমিকা রেখেছেন, তা তিনি জানেন। তবে এ বিষয়ে কারও নাম উল্লেখ করেননি কিংবা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
একই পোস্টে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ প্রকাশ ও প্রচারের পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও এক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় সংবাদমাধ্যমে দলটিকে ‘নিষিদ্ধ সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/ এরআর