দেশের সাত জেলায় নিরাপত্তা জোরদার করতে ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছে দুই ব্যাটালিয়ন বিজিবি। সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড এবং যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরে একটি মনিটরিং সেল সক্রিয় রয়েছে। সেখান থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে সমন্বয়ও অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসএস