সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগের রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের (একাংশের) আহ্বায়ক তাহের উদ্দিন। শারীরিক অসুস্থতা, চিকিৎসা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে দলীয় সব পদ ও সাধারণ সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
লিখিত বক্তব্যে তাহের উদ্দিন জানান, তাঁর বাড়ি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামে। তিনি মূলত একজন সাধারণ ব্যবসায়ী। সব সময় নির্বিরোধ ও সাধারণভাবে জীবনযাপন করেন। উপজেলার আমবাড়ি বাজারে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তিনি দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের (একাংশের) আহ্বায়ক ও জেলা কৃষক লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি আমবাড়ি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আমবাড়ি বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আমবাড়ি-গোপালপুর হেফাজতে ইসলাম মাদ্রাসার পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাহের উদ্দিন বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য তাঁকে অধিকাংশ সময় ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি জীবিকার প্রয়োজনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানও দেখাশোনা করতে হয়। এসব কারণে তিনি দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, আজ থেকে দলের কোনো পদে কিংবা সাধারণ সদস্য হিসেবেও তাঁর পরিচয় থাকবে না। দলের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ড নিয়েই সময় কাটাতে চান তিনি।
সদ্য সংবাদ/ এরআর