দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্যের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ জরুরি। এ খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।
দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি বাড়ানো, বাজার সম্প্রসারণ এবং এসএমই খাতের সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সদ্য সংবাদ/এসএস