ভূরুঙ্গামারীতে শ্রমিক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকর্মীরা

আ
আনোয়ার (ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি)
২৩ নভেম্বর, ২০২৬ ১৪:২৩:৫৫
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর থানা হাজত থেকে দলবদ্ধভাবে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে থানার ভেতরে ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

ঘটনার সূত্রপাত শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী গরুর হাটে। স্থানীয়দের অভিযোগ, সেখানে মো. আসিফ হোসেন নামে এক ব্যক্তির শার্টের কলার ধরে মারধর করেন নজরুল ইসলাম। তিনি জাতীয় শ্রমিক লীগের নেতা বলে দাবি করেন স্থানীয় কয়েকজন। এ সময় উপস্থিত লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক নজরুল ইসলামের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়েও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে আপত্তি রয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. আনিচুর রহমান লেবুর দাবি, নজরুল ইসলাম ২০১৭ সালে ভূরুঙ্গামারী উপজেলা শ্রমিক লীগের কমিটিতে ছিলেন। তার বিরুদ্ধে গত ২৯ আগস্ট আশরাফুল নামে এক ব্যক্তি চাঁদাবাজির লিখিত অভিযোগও করেছিলেন। তবে প্রভাব খাটিয়ে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, নজরুলকে থানায় নেওয়ার সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ সেখানে উপস্থিত ছিলেন না। পরে তাকে হাজতে রাখা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, কাঠ মানিক, হাসিবুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী থানায় প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় থানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাজত থেকে নজরুল ইসলামকে বের করে দেওয়া হয়। তবে কোন প্রক্রিয়ায়, কার অনুমতিতে কিংবা কী কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুনের নামও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদুল হক শাহিন শিকদার তার সঙ্গে কথা বলার পরই নজরুলকে ছেড়ে দেওয়া হয়। তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসপি মুন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই ভূরুঙ্গামারী থানার ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা। উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সজিবুল হাসান সোহেল, সাবেক বিএনপি নেতা মামুন ব্যাপারী ও স্বেচ্ছাসেবক দলের নেতা আনিচুর রহমান লেবুর নেতৃত্বে এ কর্মসূচিতে দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভকারীদের প্রশ্ন, পুলিশের হেফাজতে থাকা একজন ব্যক্তিকে কীভাবে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হলো এবং এ সিদ্ধান্ত কে দিয়েছেন। তারা ঘটনার ব্যাখ্যা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, যাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাকে ২০২৪ সালের গণআন্দোলনের আগে বিএনপি বা জামায়াতের কোনো কর্মসূচিতে দেখা যায়নি।

শ্রমিক দলের সাবেক জ্যেষ্ঠ নেতা মো. বাবলা ড্রাইভারও দাবি করেন, নজরুলকে আগে শ্রমিক দলের রাজনীতিতে দেখেননি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি শ্রমিক লীগের রাজনীতি করতেন বলে উপজেলা পর্যায়ের অনেকেই জানেন।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে ভূরুঙ্গামারী থানার একাধিক দায়িত্বশীল কর্মকর্তা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধ ও প্রভাবশালী মহলের তদবিরের কারণে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেও ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। কাউকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে তদবির শুরু হয়। এতে পুলিশের দায়িত্ব পালন ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে বলে মন্তব্য করেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদুল হক শাহিন শিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

তবে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, আটক ব্যক্তি জাতীয় শ্রমিক লীগের নেতা নন; তিনি শ্রমিক ইউনিয়নের নেতা। তাকে কোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়নি। একই নামের কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

আটক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকা এবং রাজনৈতিক নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে ভূরুঙ্গামারীতে আলোচনা-সমালোচনা চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী