অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) দেশের জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ সমস্যার কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে। পাশাপাশি অনেক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে, বাড়ছে চিকিৎসার খরচও।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনার লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে চিকিৎসক ও রোগী—উভয়ের আচরণে পরিবর্তন আনা জরুরি। শুধু সচেতনতা বাড়িয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর নীতিমালা তৈরি এবং তা কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণে ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ব্যবস্থায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন চালু করা হবে। এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওপর ডিজিটাল নজরদারি বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।
একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর ফার্মেসিকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিনামূল্যে সরবরাহ করা ওষুধের অপচয় কমানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া সহজ হবে।
কর্মশালায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসায় কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত, সে বিষয়ে নির্ধারিত প্রটোকল রয়েছে। কিন্তু অনেক অভিজ্ঞ চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞের মধ্যেও এসব নির্দেশনা সম্পর্কে পর্যাপ্ত ধারণার ঘাটতি দেখা যায়। এএমআর মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। তিনি কর্মশালায় মূল প্রবন্ধও উপস্থাপন করেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমোসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করা, চিকিৎসকদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
সদ্য সংবাদ/এজে