চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মো. লালচাঁন ওরফে আশা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) পলাশ অধিকারী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর আগেই লালচাঁনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লালচাঁন চাঁদলাই জোড়বাগান এলাকার বাসিন্দা। তিনি মৃত শফিকুল আলম ও শেফালী বেগমের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তারা।
সদ্য সংবাদ/এজে