ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি, করমর্দন না করা কিংবা ট্রফি গ্রহণ নিয়ে বিতর্ক—এসব ঘটনা এখন প্রায়ই দেখা যায়। তবে দুই দেশের সাধারণ সমর্থকরা চান, ক্রিকেটের সঙ্গে রাজনীতি না মেশানো হোক। তাঁদের মতে, রাজনৈতিক বিরোধের কারণে খেলাটির আনন্দ নষ্ট হচ্ছে।
গত রোববার কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস-২০২৬ আসরে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যায়। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ভারতের পেসার হর্ষিত রানা ও পাকিস্তানের কয়েকজন ব্যাটারের মধ্যে কথা-কাটাকাটি হয়। আউট হওয়ার পরও প্রতিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশে আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়।
ভারতের ইনিংসেও উত্তেজনা অব্যাহত ছিল। শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৪৮ রানে হেরে যায় ভারত।
তবে মাঠের বাইরের চিত্র ছিল একেবারেই আলাদা। স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের সমর্থকেরা পাশাপাশি বসে খেলা উপভোগ করেন। দুই দেশের পতাকা ও জার্সি পরে তাঁরা নিজ নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। কিন্তু সমর্থকদের মধ্যে কোনো বিরোধ দেখা যায়নি।
ভারতের মুম্বাইয়ের বাসিন্দা মোহাম্মদ সাঈদ খান এবং পাকিস্তানের করাচির আবরার হুসাইন দীর্ঘদিনের বন্ধু। তাঁরা দোহায় একই বাসায় থাকেন এবং একসঙ্গে স্থানীয় ক্রিকেট লিগেও খেলেন।

ম্যাচ দেখতে এসে দুই বন্ধু বলেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁদের দেশের পরিচয়ের চেয়েও বড়। খেলাধুলার মধ্যে রাজনীতি টেনে আনা উচিত নয় বলে মনে করেন তাঁরা।
মোহাম্মদ সাঈদ খান বলেন, অনেক খেলোয়াড় হয়তো মাঠে এমন আক্রমণাত্মক আচরণ করতে চান না। কিন্তু রাজনীতির প্রভাবের কারণে তাঁদের এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এ ধরনের আচরণ বন্ধে ক্রিকেট বোর্ডগুলোর ব্যবস্থা নেওয়া উচিত।
আবরার হুসাইন বলেন, ক্রিকেটে রাজনীতির প্রভাব খেলাটির জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের মধ্যেও এমন আচরণ ছড়িয়ে পড়া ভবিষ্যতের জন্য ভালো নয়।
গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর দুই দেশের ক্রিকেট ম্যাচেও রাজনৈতিক উত্তেজনার প্রভাব দেখা যায়। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। পরে শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে ট্রফি গ্রহণেও অস্বীকৃতি জানায় ভারতীয় দল। বয়সভিত্তিক ক্রিকেটেও দুই দেশের খেলোয়াড়দের আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে, কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচটি প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিদের জন্য ছিল আনন্দের উপলক্ষ। স্টেডিয়ামটি দক্ষিণ এশীয় অভিবাসী শ্রমিকদের বসবাসের এলাকার কাছে হওয়ায় অনেকেই সহজে খেলা দেখতে আসেন।
ভারতের নয়াদিল্লির বাসিন্দা আভিনাশ ড্যানিয়েল পরিবার ও বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেন। তিনি জানান, তাঁদের চারপাশে ভারতীয় ও পাকিস্তানি সমর্থকেরা একসঙ্গে বসে খেলা উপভোগ করেছেন। সেখানে দুই দেশের সমর্থকদের জন্য আলাদা কোনো জায়গা ছিল না।
ড্যানিয়েলের মতে, ক্রিকেটে রাজনীতি ঢুকিয়ে রাজনীতিবিদদেরই লাভ হয়। কিন্তু সাধারণ দর্শক ও খেলোয়াড়েরা শুধু খেলাটি উপভোগ করতে চান। খেলা শেষে ভারতীয় ও পাকিস্তানিরা একই জায়গায় বসে খাবার খান, একসঙ্গে সময় কাটান।
সমর্থকরা মনে করেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও সাধারণ মানুষের বন্ধুত্ব ও সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয়। ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, তবে খেলাটির বাইরে বন্ধুত্ব ও সৌহার্দ্য বজায় থাকুক এটাই তাঁদের প্রত্যাশা।
সূত্র: আল-জাজিরা
সদ্য সংবাদ/এসএস