পাহাড়ি অঞ্চলে মসলা চাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন ও কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়েছেন স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে কর্মশালার কার্যক্রম শুরু হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মসলা জাতীয় ফসলের উন্নত জাত নির্বাচন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং ফলন বাড়ানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকার মাটি ও পরিবেশ মসলা চাষের জন্য সম্ভাবনাময়। উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ অঞ্চলে মসলা উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি সম্ভব। এ লক্ষ্যেই কৃষকদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে