দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার স্বার্থে জনসংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এ লক্ষ্য অর্জনে তরুণ বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সামাজিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের চতুর্থ জাতীয় জনসংখ্যা পুরস্কার উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন মোজতবা খামেনি।
বার্তায় তিনি উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। একই সঙ্গে বহিরাগত হুমকি ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায়ও বড় জনসংখ্যা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
জনসংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বিয়ের বয়স কমানো এবং পরিবারকে কেন্দ্র করে সামাজিক মূল্যবোধ জোরদার করার প্রয়োজনীয়তার কথাও বলেন ইরানের সর্বোচ্চ নেতা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন।
সদ্য সংবাদ/এসএস