গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে আন্দোলন করছিলেন। একপর্যায়ে তাদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। পরে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা বিভিন্ন মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্সের কিছু নথিপত্রও।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সদ্য সংবাদ/এজে