সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাঁদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আটক অন্য দুজন হলেন বদির সহযোগী হিসেবে পরিচিত সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। আটক শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর হোটেলটি ঘিরে অভিযান শুরু করে পুলিশ ও ডিবির সদস্যরা। রাত পৌনে ১টার দিকে হোটেলে তল্লাশি চালানোর পাশাপাশি সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য এবং আটকের নির্দেশনার ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
ওসি আরও জানান, সিলেট নগরীতে তাঁদের অবস্থানের তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তাঁরা একাধিকবার অবস্থান পরিবর্তন করেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এজে