কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সিএমপি কমিশনারের নির্দেশে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্জেন্ট মুজাহিদুল ইসলামের যোগাযোগের বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও দাপ্তরিক আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
সদ্য সংবাদ/ এরআর