বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের প্রায় অর্ধশতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া ও দলীয় প্রার্থীকে সমর্থন না করার দায়ে এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বিএনপি। এরমধ্যে সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপুসহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য নেতার নাম রয়েছে বলে জানা গেছে। তবে দলে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপি নিজেদের তৃণমূলের সাংগঠনিক বিভক্তি দূর করা, স্থানীয় পর্যায়ের কোন্দল নিরসন এবং দলকে ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছে দলটি।
বিএনপির আলোচিত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অন্তত ৭ জন সংদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে একজন বাদে প্রায় সবাই দলে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তারা নিজেরাও হাইকমান্ডের কাছে আবেদনের পাশাপাশি নানা ধরনের তৎপরতা চালাচ্ছেন। দলও তাদের বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখছে।
বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচিত সাতজন হলেন, বিএনপির থেকে বহিষ্কৃত নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। এর মধ্যে রুমিন ফারহানার ফেরার সম্ভাবনা কম।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’
দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত নেতাদের মধ্যে অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। আর তাদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখায় বহিষ্কৃত তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকর্মীকেও পর্যায়ক্রমে দলে ফেরানো হবে। তাদের মধ্যে অনেক হেভিওয়েট এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রভাবশালী নেতাও আছেন।
এসব নেতার মধ্যে আলোচিতরা হলেন, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।
জানা গেছে, এসব নেতার বহিষ্কারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে নতুন করে গ্রুপিং, কোন্দল ও বিভক্তি তৈরি হয়েছে। অনেক এলাকায় সংসদ সদস্য ও দলীয় প্রার্থীর অনুসারীদের সঙ্গে বহিষ্কৃত নেতাদের অনুসারীদের দূরত্ব বাড়ছে। দলীয় কর্মসূচিও পালিত হচ্ছে পৃথকভাবে।গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিসহ বিভিন্ন পর্যায়ের দলীয় অনুষ্ঠানে এমন পরিস্থিতি সামনে এসেছে। এতে দলীয় ঐক্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। দলটির নীতিনির্ধারকদের ধারণা, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখা জরুরি। এ কারণেই দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেন, বহিষ্কৃত নেতাদের আবেদনের বিষয়গুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদন প্রক্রিয়া যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস
সদ্য সংবাদ/ এরআর