নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটক থেকে দূরে রাখা যাচ্ছে না ভারতীয়দের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ২০:৫১:৫৪
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি প্রেমের ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’। নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করতে গিয়ে অবাক হয়েছেন নয়াদিল্লিভিত্তিক সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের অংশগ্রহণে আয়োজনটি করার পরিকল্পনা থাকলেও এতে যোগ দিতে ৭০০ জনের বেশি মানুষ তাঁর কাছে অনুরোধ জানান।

অন্যান্য পাকিস্তানি অনুষ্ঠান ও গানের মতো ‘দার-এ-নিজাত’ ধারাবাহিকটিও ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে জড়ো হন ভারতীয় দর্শকরা। সেখানে তাঁরা নাটকের বিভিন্ন দৃশ্য বিনিময় করেন, পর্ব নিয়ে আলোচনা করেন এবং প্রধান চরিত্র আবু বকরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনলাইনের বাইরেও ভারতের বিভিন্ন স্থানে একসঙ্গে নাটক দেখার আয়োজন ও দলবদ্ধ প্রদর্শনী হচ্ছে। নাটকটির গল্প আবর্তিত হয়েছে জারিয়াব নামের এক তরুণী, তার শৈশবের প্রেমিক জামিল এবং পরবর্তী সময়ে তার জীবনের শূন্যতা পূরণ করতে আসা আবু বকরকে ঘিরে। ভারতের বিভিন্ন শহরে নাটকটি নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ায় পুলিশকেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে আয়োজনগুলোর প্রচারণার পোস্টার কর্তৃপক্ষের নজরে আসার পর প্রদর্শনী দুটি বাতিল করা হয়। এত কঠোর পদক্ষেপের পরও নাটকটির প্রতি দর্শকদের আকর্ষণ কমেনি।

ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যের ঘরে বারবার দেখা যাচ্ছে একটি বাক্য, যা নাটকটি ঘিরে উন্মাদনার প্রতীক হয়ে উঠেছে—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, আমরা ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই।

পরিচিত একটি উর্দু প্রবাদকে মজার ছলে বদলে তৈরি করা হয়েছে বাক্যটি। একই সঙ্গে এটি পাকিস্তানের একটি কাল্পনিক পুরুষ চরিত্রের প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসার প্রকাশ।

বেঙ্গালুরুর এক ভক্ত রাখশান্দা মুজিব বলেন, ‘আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। সে এতটাই সহমর্মী যে আমি তাকে নিয়ে মুগ্ধতায় ডুবে আছি। আজকাল বেশির ভাগ পুরুষের মধ্যেই এই গুণটির অভাব রয়েছে।’

তবে ‘দার-এ-নিজাত’ নিয়ে এই উচ্ছ্বাস দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগের প্রতি ভারতীয়দের ব্যাপক আগ্রহের সর্বশেষ উদাহরণ। পাকিস্তানি বিনোদন নিজেদের পর্দা থেকে দূরে রাখার ভারতের প্রচেষ্টা সেই আগ্রহ কমাতে খুব একটা সফল হয়নি।

সুফিয়ান খান বলেন, ‘ভারতীয়রা ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না, স্পটিফাইয়ে পাকিস্তানি গান শুনতে পারেন না কিংবা ভিপিএন বা প্রক্সি ছাড়া ইউটিউবে পাকিস্তানি নাটক দেখতে পারেন না।’

তবে অনেক দর্শকের কাছে নিষিদ্ধ পাকিস্তানি সংস্কৃতির আকর্ষণ এতটাই প্রবল যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার ঝুঁকি নিতেও তাঁরা প্রস্তুত।

নিষেধাজ্ঞার বেড়াজাল

একাধিক যুদ্ধ ও প্রায় অব্যাহত উত্তেজনা সত্ত্বেও ভারত ও পাকিস্তান কয়েক দশক ধরে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ দিয়ে এসেছে। তবে দুই দেশই বিভিন্ন সময়ে এ ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।

গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা ও পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও জোরালো হয়েছে। এ সময়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে সব ধরনের যোগাযোগ ক্রমেই সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে।

২০২৫ সালের এপ্রিলে পরিস্থিতি নতুন মোড় নেয়। ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। এরপর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে প্রতিবেশী দেশ দুটি চার দিনের তীব্র সংঘাতে জড়ায়।

এরপর থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানের গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করেছে ভারত। জাতীয় নিরাপত্তাকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। চলতি সপ্তাহে নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারতে দেখার সুযোগ বন্ধ করার দাবিও জানিয়েছে ভারত।

২০১৬ সালে চীনও কোরীয় জনপ্রিয় সংস্কৃতির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। প্রায় এক দশক ধরে সেই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। তবে ভারতের ক্ষেত্রে এ প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলেই মনে হচ্ছে।

এর পেছনে রয়েছে নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা। চীন তার নাগরিকদের ব্যবহৃত প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু ইউটিউবের ওপর ভারতের এমন নিয়ন্ত্রণ নেই। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী, সরকার বিভিন্ন প্ল্যাটফর্মকে নির্দিষ্ট কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। এসব নির্দেশ সাধারণত গোপন রাখা হয়। কার্যত ইউটিউব ভারতে অবস্থানরত ব্যবহারকারীদের জন্য পাকিস্তানি চ্যানেলগুলো ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বন্ধ করে দিয়েছে।

তবে ভৌগোলিক অবস্থানভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর হয় প্ল্যাটফর্মের ওপর, দর্শকের ওপর নয়। ভিপিএন ব্যবহার করলে দর্শকের অবস্থান অন্য দেশে বলে প্রতীয়মান হয়। এভাবে নাটক ডাউনলোড করে ভারতের ভেতরে থাকা কোনো অ্যাকাউন্ট থেকে আবার আপলোড করাও সম্ভব।

পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির মতে, দুই দেশের সরকার পরস্পরের অনলাইন কনটেন্ট বন্ধ করে দেওয়ার সঙ্গে এই বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
​
সংস্কৃতির প্রতি ভালোবাসা


ভারতে ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি কনটেন্ট দেখার প্রবণতা ‘দার-এ-নিজাত’-এর সম্প্রচারকারী প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটালের মতো পাকিস্তানি চ্যানেলগুলোর জন্য ব্যবসায়িক সুফল বয়ে আনছে।

এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা বলেন, ‘পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ আসে ভারতীয় দর্শকদের কাছ থেকে। বর্তমান যুগে আপনি কনটেন্ট দেখার সুযোগ কঠিন করে তুলতে পারেন, কিন্তু তা বন্ধ করতে পারবেন না।’

সেজার বক্তব্যের পক্ষে উদাহরণও রয়েছে। ২০২২ সালের নাটক ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ধারাবাহিক ‘কাভি ম্যায় কাভি তুম’ ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বার জানান, তাঁর ‘ডক্টর বহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো ধারাবাহিক নিয়ে ভারতের দর্শকরা তাঁকে বার্তা পাঠান।

ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটকের এত জনপ্রিয়তার কারণ কী?

ভারত ও পাকিস্তানের সাংস্কৃতিক মিলের কারণে পাকিস্তানি নাটকে দেখানো অনেক বিষয়ই সীমান্তের ওপারের দর্শকদের কাছে পরিচিত মনে হয়। ফলে তাঁরা সহজেই এসব গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পান। সেজা বলেন, পাকিস্তানের বিনোদনশিল্পে নির্মাণের মানও বেড়েছে।

তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের কনটেন্ট অনেক শক্তিশালী হয়েছে। এগুলো বাস্তবসম্মত, বাস্তবতার সঙ্গে যুক্ত, চিন্তার খোরাক জোগায় এবং দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারেন।’

তবে সুফিয়ান খানের মতে, ভারতে ‘দার-এ-নিজাত’-এর মতো নাটকের জনপ্রিয়তার পেছনে আরও একটি কারণ রয়েছে। ভারতীয় নাটক ও সিনেমায় প্রায়ই মুসলিম চরিত্রগুলোকে বাঁধাধরা ছাঁচে উপস্থাপন করা হয়।

অন্যদিকে, তাঁর মতে, ‘দার-এ-নিজাত’-এর আকর্ষণের অন্যতম কারণ হলো, ‘এতে ইসলামকে ভীতিকর কিংবা বলিউডের মতো চোখে সুরমা ও মাথায় নামাজের টুপি পরিয়ে লোকদেখানোভাবে উপস্থাপন করা হয়নি। বরং ইসলামকে ব্যতিক্রমীভাবে এমন এক সতেজ, বিচার করার প্রবণতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক রূপে তুলে ধরা হয়েছে, যেখানে সব ধর্মীয় আচার বিনয়ের সঙ্গে পালন করা হয়।’

সংস্কৃতির ভবিষ্যৎ

যুদ্ধকালীন রাজনীতিতে সংস্কৃতি অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ, সংস্কৃতি শত্রুপক্ষের মানুষকেও পরিচিত করে তোলে। তবে প্রযুক্তির বিস্তারের ফলে পুরো সমাজকে বিচ্ছিন্ন করে রাখা সরকারের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।

দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা বলেন, ‘গত কয়েক বছরে বিপুলসংখ্যক ভারতীয় পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান দেখছেন, গান শুনছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের কনটেন্ট দেখছেন। সংস্কৃতি ও তা উপভোগের সুযোগ সবার জন্য উন্মুক্ত হয়েছে। এর ফলে বাঁধাধরা ধারণাগুলো ভেঙে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগে সীমান্তের ওপারে থাকা আমাদের ভাই-বোনদের সম্পর্কে আমরা খুব বেশি জানতাম না। তারাও আমাদের সম্পর্কে খুব বেশি জানতেন না।’

এর উদাহরণ হিসেবে পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমেরের কথা বলা যায়। তাঁর গান ভারতে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর সাম্প্রতিক গান ‘পাবলো’তে রয়েছেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

ভার্মা বলেন, ‘আমরা সবাই তার গান শুনছি। কে এমনটা ভেবেছিল?’

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মনে করেন, ভারতের আরোপ করা এ ধরনের নিষেধাজ্ঞা খুব কম ক্ষেত্রেই কার্যকর হয়।

তিনি বলেন, ‘প্রযুক্তি বদলায়। এটি সীমান্ত ও নিষেধাজ্ঞা উভয়ের গুরুত্ব কমিয়ে দেয়। সরকার নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ সংস্কৃতি দৃশ্যমান এবং এর ওপর বিধিনিষেধ আরোপ করা সহজ। পাকিস্তানও একই কাজ করেছে। সেখানে কয়েক দশক ধরে ভারতীয় সিনেমা নিষিদ্ধ ছিল।’

তবে ভারতে পাকিস্তানি অনুষ্ঠানের মতোই পাকিস্তানে পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

বিসারিয়া বলেন, ‘দুই দেশ চেয়েছে কি না, তা নির্বিশেষে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি দুই দেশকে একসূত্রে বাঁধার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে।’

‘দার-এ-নিজাত’ আবারও দেখিয়ে দিচ্ছে, রাজনৈতিক টানাপোড়েন ও সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও ভারত ও পাকিস্তানের মানুষকে একসূত্রে বাঁধতে সংস্কৃতির ভূমিকা এখনো অটুট।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে