পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানে করে তাঁর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে।
সফরে কয়েক দিন সৌদি আরবে অবস্থান করবেন হিরো আলম। ধর্মীয় এই সফরের পাশাপাশি সেখানে একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধনেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সৌদি আরব যাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, দীর্ঘদিন ধরেই পবিত্র ওমরাহ্ পালনের ইচ্ছা ছিল তাঁর। এবার সেই সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। ওমরাহ্ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, সৌদি আরবে অবস্থানের সময় ওমরাহ্ পালনের পাশাপাশি নির্ধারিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। একটি মোবাইল শোরুম উদ্বোধনের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা রয়েছে তাঁর।
নিজের এই সফরকে আবেগঘন উল্লেখ করে হিরো আলম বলেন, ওমরাহ্ পালন করতে পারা তাঁর জন্য বিশেষ অনুভূতির বিষয়। সফর শেষে সুস্থভাবে দেশে ফিরে আবার নিয়মিত কর্মকাণ্ডে যুক্ত হতে চান তিনি।
দেশে ফেরার পর সামনে থাকা বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন বলেও জানান এই কনটেন্ট ক্রিয়েটর।
এদিকে আসন্ন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন হিরো আলম। ফলে নির্বাচনী মাঠে নামার আগে তাঁর সৌদি আরব সফর নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসকে