অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নতুন একটি রূপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও পরিচিত সাজের অনুকরণে ক্যামেরার সামনে হাজির হয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়েছেন এই অভিনেত্রী।
চমকের নিজস্ব ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে দেখা যায় ভিন্নধর্মী এই উপস্থাপন। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের পর্বটিতে দেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তার পরিচিত অবয়ব অনুসরণ করেন চমক।
হালকা রঙের শাড়ি, মুক্তোর মালা, সানগ্লাস এবং কাঁধে শাল সব মিলিয়ে চমকের সাজে ফুটে ওঠে খালেদা জিয়ার বহুল পরিচিত লুক। ভিডিওর বিভিন্ন অংশে তার অঙ্গভঙ্গি ও উপস্থাপনার ধরনও দর্শকদের নজর কাড়ে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে পর্বটি প্রকাশের পরই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দর্শকরা। অনেকেই চমকের রূপসজ্জা ও অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, প্রথম দেখায় চমককে খালেদা জিয়া বলেও ভুল হতে পারে।
তবে চমকের এই আয়োজন শুধু বিনোদনমূলক উপস্থাপনায় সীমাবদ্ধ নয়। দেশের রাজনীতিতেও সম্প্রতি তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। একই সময়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।
শোবিজে চমকের পরিচিতি শুরু হয় ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে। কয়েক বছর পর অভিনয়ে পা রেখে নাটক ও ওয়েবভিত্তিক বিভিন্ন কাজে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ‘মহানগর’, ‘হাউস নম্বর-৯৬’, ‘হায়দার’, ‘সাদা প্রাইভেট’সহ বেশ কিছু আলোচিত প্রযোজনায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক।
খালেদা জিয়ার আদলে তার সাম্প্রতিক উপস্থিতি তাই নতুন করে অভিনেত্রীর ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সদ্য সংবাদ/এসএস