তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগানো টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের সমাপ্তি হতে যাচ্ছে চলতি মাসেই। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হবে জনপ্রিয় এই সিরিজের বর্তমান সিজন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় দর্শকদের উদ্দেশে এ ঘোষণা দেন অমি। তিনি জানান, শেষ চ্যাপ্টারে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক। দীর্ঘদিন ধরে দর্শকদের প্রত্যাশায় থাকা কয়েকটি বিষয়ও এতে তুলে ধরা হবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।
অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’
তবে শেষ পর্বটি ঠিক কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।
এদিকে নির্মাতার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ভিডিও প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শত শত মন্তব্য জমা পড়ে। দর্শকদের কেউ জনপ্রিয় চরিত্র রোকেয়াকে আবার দেখতে চেয়েছেন, কেউ শিমুলের উপস্থিতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি পঞ্চম সিজনের পর ধারাবাহিকটির ষষ্ঠ সিজন আসবে কি না, সে প্রশ্নও তুলেছেন অনেকে। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি অমি।
উল্লেখ্য, দাঁত ও গলার সমস্যার কারণে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। এমনকি কয়েক দিন কথা বলতেও পারেননি তিনি। ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে অমি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন এবং গলার সমস্যাও কমেছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকারসহ আরও অনেকে। এ ছাড়া মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শিয়াসহ একাধিক অভিনয়শিল্পী রয়েছেন ধারাবাহিকটিতে।
সদ্য সংবাদ/এসএস