সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর, সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪১)।
এ ছাড়া ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়নের ছাত্রলীগ সদস্য মো. শাহাদাত হোসেন (২২) এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. নাদিম শেখ (২৩) রয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদ্য সংবাদ/এসএস