জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাঁর ডিভিশন ও সুচিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা ইকবাল সোবহান চৌধুরীর বয়স বিবেচনায় কারাগারে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, জুলাই আন্দোলন দমনে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতায় ভূমিকা ছিল তাঁর।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেন। পাশাপাশি ডিভিশন ও চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো জেল কোড অনুসারে দেখার নির্দেশনা দেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ১৮ বছর বয়সী মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ হোসেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ ২০২৪ সালের ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩৩ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাতেই ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সদ্য সংবাদ/এসএস