প্রবাসী তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ইতালির রাজধানী রোমে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
রোববার রোমের বাংলা টাউনের সিলেট কাফি শপে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জার্সি উন্মোচনের পাশাপাশি প্রবাসী তরুণদের ক্রীড়া কার্যক্রমে যুক্ত করা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দ জামিল হোসেন, মুজিবুর রহমান, নাহিদ আহমেদ, প্রিন্স হাসান আহমেদ, সাবেল আহমেদ, লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে থাকা তরুণদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিও নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী হয়।
বক্তারা আরও জানান, বৃহত্তর সিলেটের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে সামনে রেখে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করার পরিকল্পনার কথাও জানানো হয়। প্রবাসে বাংলাদেশি তরুণদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারে এসব কার্যক্রম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসএস