দীর্ঘ প্রায় ৯ মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাবন্দি এই নেতার সঙ্গে সম্প্রতি তাঁর বোন নোরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবি দেখা করেছেন।
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনার পর পরিবারকে সপ্তাহে একদিন ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের বরাতে জানা গেছে, চলতি বছরে এই প্রথম ইমরান খানের সঙ্গে দেখা করেন তাঁর বোন নোরিন নিয়াজি। কারাগারের কনফারেন্স রুমে মাত্র ১৫ মিনিটের ওই সাক্ষাতে মূলত তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আলোচনা হয়।
এ সময় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশনার বিষয়েও ইমরানকে অবহিত করেন নোরিন। আদালত তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে সাক্ষাৎ শেষে কোনো রাজনৈতিক বক্তব্য দেননি নোরিন। আদালত স্পষ্ট করে জানিয়েছে, পারিবারিক সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে এই সুবিধা প্রত্যাহার করা হতে পারে।
নিরাপত্তাজনিত কারণে ইমরানের অন্য বোন আলিমা খান ও উজমা খানসহ কয়েকজন স্বজনকে এ দফায় সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও কারাগারে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।
এদিকে, পৃথকভাবে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা করেছেন ইমরান খান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, আদিয়ালা কারাগারের কনফারেন্স রুমে তাদের সাক্ষাৎ চলে প্রায় ৩৫ মিনিট।
দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন ৭২ বছর বয়সী ইমরান খান। ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাগারে থাকা এই সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে আল-কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন।
সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার বিষয়ে নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। এ নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ার মধ্যেই পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ তৈরি হলো।
সদ্য সংবাদ/এসএস