ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন।
বাঘেইয়ের দাবি, ইরানের ওপর যে নিষেধাজ্ঞাগুলো আরোপের কথা যুক্তরাষ্ট্র বলছে, তার অনেকগুলোই আগে থেকেই কার্যকর। ফলে নতুন করে এসব পদক্ষেপের ঘোষণা দেওয়ার মধ্যে বাস্তব কোনো অর্থ নেই।
তিনি আরও বলেন, ইরান ও বাহরাইনের মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এরপরও বাহরাইনকে উদাহরণ হিসেবে সামনে এনে যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগকে কার্যকর হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
এর আগে ইরানের ওপর আর্থিক চাপ অব্যাহত রাখার বিষয়ে বাহরাইনের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ওই আলোচনায় ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়।
ওয়াশিংটনের এমন উদ্যোগের মধ্যেই ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো। তেহরান বলছে, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সদ্য সংবাদ/এসকে