যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের জেরে ওয়াশিংটনের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। কয়েক দশকে মার্কিন কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ২৯ হাজার কোটি ডলার আদায়ের দাবি জানিয়েছে তেহরান। একই সঙ্গে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটনের পদক্ষেপের জবাব দিতে তেহরান সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছে।
অন্যদিকে, ক্ষতিপূরণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় দেশটির আদালতগুলো ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের পক্ষে রায় দিয়েছেন। কয়েক দশক ধরে মার্কিন কর্মকাণ্ডের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ভিত্তিতে এ অর্থ দাবি করা হচ্ছে।
শুধু যুক্তরাষ্ট্র নয়, ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে জানান তিনি।
নৌ অবরোধের বিষয়ে বাঘাইয়ের বক্তব্য, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা হিসেবে দেখছে না তেহরান। বরং এটিকে সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করছে ইরান। দেশটির দাবি, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।
তেহরানের অভিযোগ, অবরোধের কারণে দেশটির বৈদেশিক বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইরানের আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি ও দক্ষিণাঞ্চলীয় বন্দরনির্ভর হওয়ায় নৌপথে বিধিনিষেধ অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে।
এ পরিস্থিতিতে অবরোধ মোকাবিলায় বিকল্প ব্যবস্থা খুঁজছে ইরান। পাশাপাশি উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
এর আগে গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে জুনে একটি খসড়া সমঝোতার পর অবরোধ প্রত্যাহার করা হলেও আলোচনা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই তা পুনরায় কার্যকর করা হয়।
চলমান সংঘাতের সূত্রপাত হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাতে লেবানন, ইয়েমেন ও ইরাকের ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও জড়িয়ে পড়ে।
যুদ্ধের প্রভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা এখনো উল্লেখযোগ্য অগ্রগতি পায়নি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।
সদ্য সংবাদ/এজে