থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র।
সূত্রের তথ্য অনুযায়ী, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায়, ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
এ ছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। যশোর ও ঝিনাইদহ সীমান্ত ব্যবহার করে তার ভারতে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে আটক-পরবর্তী আইনি প্রক্রিয়া এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সদ্য সংবাদ/এজে